বাগেরহাটে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত, অভিযুক্ত আটক

রাতের ঘটনায় এলাকায় চাঞ্চল্য, রক্তমাখা ছুরিসহ পুলিশের কাছে সোপর্দ

0

বাগেরহাট সংবাদদাতা, লোকসমাজ : বাগেরহাট শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই মো. আম্মার (১৮) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত মামাতো ভাই আব্দুল্লাহকে ঘটনাস্থল থেকে ছুরিসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্বজনরা।

বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শহরের বাসাবাটি বাইনেবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আম্মার ওই এলাকার এ এইচ এম তাসলিম মাহমুদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আব্দুল্লাহ তার ফুফুর বাড়িতে বেড়াতে আসেন। রাতের খাবার শেষে মামাতো-ফুফাতো দুই ভাই দোতলায় ঘুমাতে যান। পরে গভীর রাতে হঠাৎ চিৎকার শুনে পরিবারের সদস্যরা দোতলায় গিয়ে আম্মারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

তাকে দ্রুত উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পরিবারের সদস্যরা অভিযুক্ত আব্দুল্লাহকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তার কাছ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরিফিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযুক্তকে আটক করা হয়। প্রাথমিকভাবে এটি ছুরিকাঘাতের ঘটনা বলে নিশ্চিত হওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।