চৌগাছায় প্রাইভেটকারে ২১১ বোতল সিরাপসহ মাদক চক্রের ২ সদস্য আটক

র‌্যাব-৬’র অভিযানে উইন কোরেক্স সিরাপ উদ্ধার, থানায় মামলা

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোরের চৌগাছায় প্রাইভেটকারে অভিনব কৌশলে ফেনসিডিলের বিকল্প মাদক পরিবহনের সময় ২১১ বোতল উইন কোরেক্স সিরাপসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৬, যশোর।

আটক ব্যক্তিরা হলেন ঝিকরগাছা উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে হারুনুর রহমান এবং একই উপজেলার বাগমারী গ্রামের ফুলচাঁনের ছেলে চিরজিৎ।

শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে চৌগাছা বাজার ব্রিজ এলাকায় র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্সের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির ভেতর থেকে ২১১ বোতল অবৈধ উইন কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দীর্ঘদিন ধরে এ চক্রটি অভিনব কৌশলে মাদক পরিবহন করে আসছিল।

এ ঘটনায় চৌগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।