জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ যুবলীগ নেতা চিমার বিরুদ্ধে, নারীর সংবাদ সম্মেলন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ জমি দখল, প্রাণনাশের হুমকি এবং দীর্ঘদিনের হয়রানির অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যশোরের নওয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা নাজমুন নাহার মুক্তি। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি স্থানীয় যুবলীগ নেতা হাদিউজ্জামান চিমা ও তার সহযোগীদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে নিরাপত্তা ও ন্যায়বিচার দাবি করেন।

এর আগে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাজমুন নাহার মুক্তি বলেন, যশোরের ৪ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত তার মালিকানাধীন জমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করে বসবাস করে আসছিলেন যুবলীগ নেতা হাদিউজ্জামান চিমা ও তার পরিবারের সদস্যরা। তিনি দাবি করেন, অভিযুক্তরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও কার্যকর প্রতিকার পাননি।

তিনি আরও বলেন, জমি দখল করে রাখার সময় থেকেই চিমা ও তার সহযোগীরা তার বাড়িতে একাধিকবার হামলা চালায় এবং বোমা নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করে। এসব ঘটনায় আদালতে মামলা দায়ের করা হলে তা বর্তমানে বিচারাধীন রয়েছে। একই সঙ্গে জমিটি হাউজিং এস্টেটের আওতাভুক্ত হওয়ায় সংশ্লিষ্ট হাউজিং কর্তৃপক্ষের কাছেও অভিযোগ করেন তিনি।

মুক্তির অভিযোগ, এসবের পরিপ্রেক্ষিতে গত ১০ মে হাউজিং কর্তৃপক্ষ অভিযান চালিয়ে জমিটি দখলমুক্ত করে দেয়। তবে এরপর থেকেই অভিযুক্তদের পরিবারের সদস্যরা তার সন্তানদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। শুধু তাই নয়, দখলমুক্ত জমিটি পুনরায় ঘিরে রেখেছে চিমা চক্র।

তিনি বলেন, ‘আমার বড় সন্তানকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। তাকে রাস্তাঘাটে যেকোনো স্থানে হত্যা করার হুমকিও দেওয়া হয়েছে।’

এসব ঘটনায় তার পরিবার দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে বলে দাবি করেন নাজমুন নাহার মুক্তি। তিনি আরও অভিযোগ করেন, তার স্বামীও সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে নিহত হয়েছেন। ওই সময়েও থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, অভিযুক্তদের বিরুদ্ধে ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে। বর্তমানে তারা ভয়ভীতি প্রদর্শন করে জমির দখল ধরে রাখার চেষ্টা করছে। এমনকি জাল দলিল তৈরি করে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

নাজমুন নাহার মুক্তি প্রশাসনের কাছে তার ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, সম্পত্তির সুরক্ষা, দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে মুক্তির বাবা তোফায়েল আহমেদ, প্রতিবেশী সিরাজ খাঁ ও আব্দুল্লাহ আল আজাদ উপস্থিত ছিলেন।