খুলনায় জমজ সন্তান হত্যায় মায়ের যাবজ্জীবন কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত কানিজ ফাতেমা কনা তেরখাদা উপজেলার কুশলা গ্রামের শেখ খাইরুজ্জামান ওরফে খায়েরের মেয়ে।

0

খুলনা ব্যুরো, লোকসমাজ : খুলনার তেরখাদায় আলোচিত জমজ শিশু সন্তান হত্যার ঘটনায় মা কানিজ ফাতেমা কনাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত কানিজ ফাতেমা কনা তেরখাদা উপজেলার কুশলা গ্রামের শেখ খাইরুজ্জামান ওরফে খায়েরের মেয়ে।

বুধবার (১৩ মে) খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন।

আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. মাজাহারুল ইসলাম জানান, ২০১৮ সালে বাগেরহাট জেলার মোল্লাহাট গ্রামের মোল্লা আবু বকরের ছেলে মো. মাসুম বিল্লাহর সঙ্গে কনার বিয়ে হয়। ২০২১ সালের ৭ ডিসেম্বর মোল্লাহাটের একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে কনা জমজ কন্যা সন্তানের জন্ম দেন। সন্তান জন্মের পর তিনি বাবার বাড়িতে চলে আসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কনা প্রায়ই তার স্বামীকে ফোন করে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতেন। তবে তার স্বামী মাসুম বিল্লাহ তাকে পরে নিয়ে যাবেন বলে আশ্বাস দিতেন।

২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি দুপুরে কনা তার ছোট বোনকে মোবাইল ফোনে জানান, তার দুই সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন ভোরে শ্বশুরবাড়ির পারিবারিক পুকুর থেকে যমজ দুই শিশুর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত শিশুদের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে একই দিন তেরখাদা থানায় স্ত্রী কনাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা তেরখাদা থানার এসআই মো. এনামুল হক ২০২২ সালের ৩১ মার্চ কনাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।