৪০ বছরেও আসামিহীন পাইকগাছার সাব-জেল: অবহেলায় পরিত্যক্ত সরকারি স্থাপনা

0

এইচ. এম. শফিউল ইসলাম, কপিলমুনি (খুলনা):
পাইকগাছা উপজেলার একটি সরকারি স্থাপনা স্থানীয়দের কাছে এখন বিস্ময়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশাল ভবন, উঁচু দেয়াল ও মজবুত গেট দেখে সহজেই একে জেলখানা মনে হলেও বাস্তবতা ভিন্ন—নির্মাণের প্রায় চার দশক পার হলেও এখানে আজ পর্যন্ত কোনো আসামি রাখা হয়নি।
জানা গেছে, আশির দশকে পাইকগাছাকে উপজেলায় উন্নীত করার সময় প্রশাসনিক প্রয়োজনে এই সাব-জেল নির্মাণ করা হয়। উদ্দেশ্য ছিল স্থানীয় অপরাধীদের অস্থায়ীভাবে এখানে রাখা। তবে নির্মাণ শেষ হলেও অজ্ঞাত প্রশাসনিক ও আইনি জটিলতায় কখনোই এর কার্যক্রম চালু হয়নি।
সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিনের অবহেলায় ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। চারপাশে লতাপাতা ও ঝোপঝাড়ে ঢেকে গেছে পুরো এলাকা। মূল ফটকের লোহার গেট মরিচা পড়ে বন্ধ হয়ে আছে। কোথাও কোথাও স্থানীয়রা গবাদিপশু বেঁধে রাখছেন, আবার কেউ মোটরসাইকেল পার্কিং হিসেবে ব্যবহার করছেন।
এলাকার প্রবীণ বাসিন্দা আব্দুর রহমান বলেন, “জেলখানা তৈরি হওয়ার সময় মানুষের মধ্যে কৌতূহল ছিল। কিন্তু ৪০ বছরেও কোনো আসামি না আসায় এটি এখন পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে।” অনেকেই রসিকতা করে একে “পাপমুক্ত এলাকার জেলখানা” বলে উল্লেখ করেন।
সচেতন মহল মনে করছে, এত বড় একটি সরকারি স্থাপনা এভাবে পরিত্যক্ত পড়ে থাকায় রাষ্ট্রীয় সম্পদের অপচয় হচ্ছে। স্থানীয়দের দাবি, ভবনটি সংস্কার করে অন্য কোনো সরকারি কাজে ব্যবহার করা যেতে পারে।
উপজেলা ভূমি কর্মকর্তা ফজলে রাব্বী জানান, বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।