সংরক্ষিত নারী আসনে নুসরাতকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করল ইসি

0
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম ।। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মাধ্যমে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে সবকটি আসনের চূড়ান্ত ফয়সালা সম্পন্ন হলো।

গতকাল সোমবার রিটার্নিং কর্মকর্তা নুসরাতকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন এবং নির্বাচন কমিশন এ সংক্রান্ত গেজেট প্রকাশের সিদ্ধান্ত অনুমোদন করে। আজ ৪ মে স্বাক্ষরিত এই গেজেটটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। উল্লেখ্য, গত রোববার সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেছিলেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জামায়াত জোট মোট ১৩টি নারী আসন লাভ করে। জোটের ১২ জন সদস্য আগে শপথ নিলেও নুসরাত তাবাসসুমের প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছিল। নির্ধারিত সময়ের পরে মনোনয়নপত্র জমা দেওয়ার কারণ দেখিয়ে শুরুতে রিটার্নিং কর্মকর্তা তার আবেদন গ্রহণ করেননি। পরবর্তীতে নুসরাত উচ্চ আদালতের শরণাপন্ন হলে আদালতের নির্দেশে তার মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ে তা বৈধ বলে গণ্য হয়। এখন ইসির গেজেট প্রকাশের পর নিয়ম অনুযায়ী সংসদ সচিবালয় তার শপথ অনুষ্ঠানের আয়োজন করবে।