খুলনায় সতীর্থের গুলিতে ছিনতাইকারী নিহতের ঘটনায় আটক ১, বন্দুক উদ্ধার

ছিনতাই হওয়া টাকার ৯২ হাজার টাকাসহ বন্দুক উদ্ধার

0
খুলনা ব্যুরো। লোকসমাজ
খুলনার দিঘলিয়ায় এক ছিনতাইকারীর গুলিতে অপর ছিনতাইকারীর মৃত্যু ও ৫ লাখ টাকা ছিনতাই মামলার আসামি আব্দুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার পিরোজপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার বিকালে খুলনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  মোঃ ফারুক আজমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আব্দুর রহমান।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানিয়েছেন, গ্রেফতারের পর আব্দুর রহমান জিজ্ঞাসাবাদে
গত ২৭ মার্চের ছিনতাই ও গুলিতে তার এক সহকর্মীর মৃত্যুর ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি থেকে ছিনতাই করা ৯২ হাজার টাকা ৷ ১টি একনালা বন্দুক, একটি গুলির খোসা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুর রহমান দিঘলিয়া  উপজেলার দেয়াড়া কলোনি এলাকার  আব্দুল জলিল ব্যাপারীর ছেলে।
উল্লেখ্য, গত ২৭ মার্চ রাত ১টার দিকে বিকাশ ব্যবসায়ী তাওহিদুল ইসলাম দিঘলিয়ায় তার ব্যবসা প্রতিষ্ঠান দৌলতপুর খেয়াঘাটে হীরা স্টোর মুদির দোকান বন্ধ করে বাইসাইকেলে  দেয়াড়ার বাড়িতে যাচ্ছিলেন। এসময় দেয়াড়া স্টিমার ঘাট সংলগ্ন মেসার্স পপুলার জুট এক্সচেঞ্জ লিমিটেডের উত্তর পাশে পৌঁছালে ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা তার গতিরোধ করে তার কাছে থাকা ব্যবসায়ীক লেনদেনের আনুমানিক ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ছিনতাইকারীদের সাথে তার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তিনি ছিনতাইকারীদের মধ্যে থেকে একজনকে জাপটে ধরলে আরেকজন ছিনতাইকারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় জাপটে ধরা  সাগর মোল্লা নামের ছিনতাইকারী পিঠে গুলিবিদ্ধ হন। গুরুতর রক্তাক্ত জখম হয়। এ সময় অন্য ছিনতাইকারীরা তার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ব্যাগে ৫ লাখ টাকা, ৩টি মোবাইল ফোন এবং দোকানের চাবি ও ব্যবহৃত কাগজপত্র ছিল। এদিকে এলাকাবাসী  গুলিবিদ্ধ ছিনতাইকারী সাগর মোল্লাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির করেন। পরবর্তীতে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাত ২ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ছিনতাইকারী সাগর মোল্লাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ব্যবসায়ী তাওহিদুল ইসলাম বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন।