সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই

0
সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, ছবি: সংগৃহীত।

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার বিকেলে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আকসির এম চৌধুরী। তিনি জানান, শনিবার রাতে অসুস্থ অবস্থায় ব্যারিস্টার শফিক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়।

শফিক আহমেদের ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক বলেন, বাবার শারীরিক অবস্থার অবনিত হলে শনিবার রাতে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন।

তাঁর জন্ম ১৯৩৭ সালে, কুমিল্লায়। ১৯৬৭ সালে তিনি লন্ডনের কিংস কলেজ থেকে এলএলএম ও লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

শফিক আহমেদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।