মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে সরকারের জোর তৎপরতা: মাহদী আমিন

0
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানাচ্ছেন উপদেষ্টা মাহদী আমিন।। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার জোর তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, বর্তমান সরকার চায় স্বল্প খরচে এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কর্মীরা মালয়েশিয়া যাক। এ লক্ষ্য অর্জনে বাজারটিকে সম্পূর্ণ সিন্ডিকেটমুক্ত করার জন্য যা কিছু প্রয়োজন, তা করতে মালয়েশিয়া সরকারকে আহ্বান জানানো হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আন্তরিকতার পাশাপাশি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও এ বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন।

শ্রমিক পাঠানোর নির্দিষ্ট তারিখ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং যত দ্রুত সম্ভব বাজারটি উন্মোচনের জন্য কাজ চলছে। ‘ক্রেডিবল রিক্রুটমেন্ট এজেন্সি’ প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, এটি কোনো নতুন সিন্ডিকেট তৈরির উদ্যোগ নয়। এটি মালয়েশিয়ার একটি বৈশ্বিক মানদণ্ড যা সব দেশেই কার্যকর। বাংলাদেশ সরকার কেবল স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রিক্রুটমেন্ট এজেন্সিগুলোকেই কোয়ালিফাইড হিসেবে বিবেচনা করবে।

দুর্নীতি ও মামলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাংলাদেশে বর্তমানে গণতান্ত্রিক সরকার আইনের শাসনে বিশ্বাসী। বিচার বিভাগ তার নিজস্ব গতিতে চলবে। যারা অপরাধী বা দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা আইনি প্রক্রিয়ায় শাস্তি পাবে এবং নির্দোষরা সুবিচার পাবে। সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী অভিবাসন ব্যয় কমানো এবং সিন্ডিকেট ভেঙে কর্মী পাঠানোর লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।