জামিননামা পৌঁছালেই কারামুক্ত হচ্ছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

0
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, যিনি আজিমপুর হত্যাচেষ্টা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন।। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় আজিমপুরে আশরাফুল ওরফে ফাহিম হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক জাতীয় সংসদ স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পেয়েছেন। রোববার (১২ এপ্রিল) আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।

জামিন শুনানিতে আসামি পক্ষের আইনজীবী ইবনুল কাওসার আদালতকে জানান, শিরীন শারমিন চৌধুরী বর্তমানে অত্যন্ত অসুস্থ এবং তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেন, ২০১৬ সালে তাঁর হার্ট অ্যাটাক হয়েছিল এবং প্রতি ছয় মাস অন্তর চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুর যেতে হতো। কিন্তু ২০২৪ সালের ১১ জুনের পর তিনি আর চিকিৎসার সুযোগ পাননি। গত ৫ আগস্টের পর আত্মগোপনে থাকায় তাঁর চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি বন্ধ ছিল।

বর্তমানে শিরীন শারমিন চৌধুরী কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। তাঁর কারামুক্তির বিষয়ে জানতে চাইলে ওই কারাগারের জেলার শিরীন আক্তার জানান, অন্য কোনো মামলায় শ্যোন অ্যারেস্ট বা নতুন পরোয়ানা না থাকলে শুধু জামিননামা পৌঁছালেই তাঁর মুক্তিতে আর কোনো বাধা নেই। অন্য কোনো মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর বিষয়টি সম্পূর্ণভাবে পুলিশ বা সংশ্লিষ্ট তদন্তকারীদের কার্যক্রমের অংশ।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানও নিশ্চিত করেছেন যে, তাঁর নামে আরও কয়েকটি মামলা থাকলেও এখন পর্যন্ত কোনো ইউনিট তাঁকে নতুন করে গ্রেপ্তারের আবেদন করেনি। আসামি পক্ষের আইনজীবীরা আশা করছেন, আদালতের জামিননামা পৌঁছানোর পর আজ অথবা কাল সোমবারের মধ্যেই তিনি কারামুক্ত হবেন।