পাচারকালে মিয়ানমার সীমান্ত থেকে সাড়ে ৮ লাখ পিস ইয়াবা উদ্ধার

0
মিয়ানমার সীমান্ত দিয়ে পাচারের সময় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে (বিজিবি), ছবি: সংগৃহীত।

মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে পাচারের সময় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১১ এপ্রিল) ভোররাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং সীমান্ত এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে ৮ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে নাফ নদী সংলগ্ন টেকনাফ উপজেলার হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মিয়ানমার থেকে চোরাকারবারিরা ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। পরে রাডার ও থার্মাল ইমেজারের মাধ্যমে সন্দেহজনক গতিবিধি শনাক্ত করা হয়।

এরপর বিজিবির একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বেড়িবাঁধের ওপর কৌশলগতভাবে অবস্থান নেয় এবং অ্যাম্বুশ স্থাপন করে।

একপর্যায়ে চোরাকারবারিরা নাফ নদী পেরিয়ে বাংলাদেশের অংশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সঙ্গে থাকা ইয়াবার পোটলাগুলো ফেলে দিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

এসময় ১৩টি বড় পোটলা থেকে মোট ৮ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এই চালানের সঙ্গে জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।