সংসদে গণবিরোধী বিল পাসের অভিযোগ; বিরোধী দলীয় জোটের ওয়াকআউট

0
জাতীয় সংসদের অধিবেশন থেকে আবারও ওয়াকাআউট করেছে বিরোধী দল।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ সংসদে বেশ কয়েকটি বিল পাসের প্রতিবাদে অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলীয় জোটের সংসদ সদস্যরা। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে সংসদ থেকে এই ওয়াকআউট করা হয়। বিরোধী দলের দাবি, তাদের যৌক্তিক বাধা থাকা সত্ত্বেও সংসদে ‘গণবিরোধী’ বিল পাস করা হয়েছে।

অধিবেশনে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, “দুঃখজনক হলেও সত্য, বিরোধীদলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়েকটি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। তাই সংসদ থেকে ওয়াকাআউট করছি।” ওয়াকআউট ঘোষণার পর তিনি জোটের সকল সংসদ সদস্যদের নিয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

বিরোধী দলের বের হয়ে যাওয়ার সময় ডেপুটি স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলার সুযোগ দেন। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, “আইন প্রণয়ন প্রক্রিয়ার ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং—সব রিডিংয়ে উনারা সহায়তা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছেন।” তিনি আরও যোগ করেন, সমস্ত প্রক্রিয়াতে অংশগ্রহণ করার পর ওয়াকআউটের কোনো মানে আছে কি না তা নিয়ে প্রশ্ন তোলা দরকার। স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন যে, মাগরিবের নামাজের পর বিরোধী দল পুনরায় অধিবেশনে অংশগ্রহণ করবে।