তনু হত্যা মামলায় ১০ বছর পর ডিএনএ পরীক্ষার নির্দেশ; বিচার না পেলে আত্মহত্যার হুমকি বাবার

0
সোহাগী জাহান তনু ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দীর্ঘ ১০ বছর পর নতুন মোড় নিল কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলা। মামলার তদন্তে অগ্রগতির অংশ হিসেবে আজ সোমবার (৬ এপ্রিল) সন্দেহভাজন তিন ব্যক্তির ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। পিবিআই-এর তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. তরিকুল ইসলাম আদালতে হাজির হয়ে প্রতিবেদন জমা দিলে বিচারক মো. মুমিনুল হক এই আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা জানান, তনুর পোশাক থেকে আগেই সংগৃহীত ডিএনএ প্রোফাইলের সঙ্গে এই তিন ব্যক্তির ডিএনএ ম্যাচিং করা হবে। সন্দেহভাজন এই তিন ব্যক্তি বর্তমানে সেনাবাহিনী থেকে অবসরে রয়েছেন। ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতরে তনুর লাশ উদ্ধার করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে থানা পুলিশ, ডিবি ও সিআইডি তদন্ত করলেও কোনো কূলকিনারা করতে না পারায় ২০২০ সালে মামলাটি পিবিআই-তে হস্তান্তর করা হয়।

এদিকে মামলার বাদী ও তনুর বাবা ইয়ার হোসেন আজ আদালতে উপস্থিত হয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অতীতে তনু হত্যার বিচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমি এখন প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এক মাসের মধ্যে বিচার না পেলে তিনি আত্মহননের পথ বেছে নেবেন।