বিকল্প পথে সৌদি থেকে আসছে ১ লাখ টন তেল: মে মাসে পৌঁছাবে ২ লাখ টন

0
সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে তেল নিয়ে চট্টগ্রামের পথে আসবে বিশাল তেলবাহী ট্যাংকার ।। ছবি: এআই জেনারেটেড প্রতীকী ছবি

লোকসমাজ ডেস্ক ॥ দেশে জ্বালানি তেলের চলমান সংকট নিরসনে বিকল্প পথে সৌদি আরব থেকে আরও ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আনার প্রক্রিয়া শুরু হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর তথ্য অনুযায়ী, লোহিত সাগরের তীরবর্তী সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে এই তেল সরাসরি চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে। আগামী ২০ এপ্রিল তেলবাহী ট্যাংকারটি লোড করার কথা রয়েছে।

এদিকে, ‘এমটি নরডিক পলুকস’ নামে অপর একটি জাহাজ ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে বর্তমানে সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকা পড়ে আছে। হরমুজ প্রণালিতে চলাচলের জন্য ইরানের বিশেষ ছাড়পত্র না পাওয়ায় জাহাজটি বাংলাদেশে আসতে পারছে না। যদিও ইরান সম্প্রতি বাংলাদেশের ছয়টি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে, তবে এই তেলের জাহাজটি সেই তালিকায় অন্তর্ভুক্ত ছিল না।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) আশা করছে, ইয়ানবু থেকে আসা নতুন চালান এবং আটকা পড়া জাহাজটি মুক্ত হলে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে মোট ২ লাখ মেট্রিক টন তেল চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। এই তেল রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধনের পর বাজারজাত করা হলে দেশের জ্বালানি সংকট অনেকটাই লাঘব হবে বলে মনে করছে বিএসসি কর্তৃপক্ষ।