প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহ্দী আমিন ও সালেহ শিবলী

0
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন দুই মুখপাত্র: উপদেষ্টা মাহ্দী আমিন (বামে) এবং প্রেস সচিব সালেহ শিবলী (ডানে)।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ প্রধানমন্ত্রীর কার্যালয়ের দাপ্তরিক তথ্য প্রচার ও গণমাধ্যমে প্রকাশের জন্য মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)। আজ রবিবার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘রুলস অব বিজনেস’ অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় সংক্রান্ত যেকোনো দাপ্তরিক তথ্য প্রেস, মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে প্রচার ও সরবরাহের জন্য তাঁদের এই বিশেষ দায়িত্ব প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর মাহ্দী আমিনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে তিনি শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, গত ১৯ ফেব্রুয়ারি আবু আব্দুল্লাহ এম ছালেহকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এখন থেকে এই দুই কর্মকর্তা প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান মুখপাত্র হিসেবে কাজ করবেন।