অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়

0
দেশের সব দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে, যা আজ শুক্রবার থেকেই কার্যকর হবে।। ছবি: এআই জেনারেটেড প্রতীকী ছবি

লোকসমাজ ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসের সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এছাড়া দেশের সব দোকানপাট ও শপিং মল প্রতিদিন সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। আজ শুক্রবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, ব্যাংকিং লেনদেন চলবে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এবং বিকেল ৪টার মধ্যে ব্যাংক বন্ধ করতে হবে। তবে হোটেল, ফার্মেসি ও জরুরি সেবার দোকানগুলো এই সময়সীমার আওতামুক্ত থাকবে।

বৈঠকে আগামী তিন মাসের জন্য কঠোর কৃচ্ছ্রসাধন নীতি গ্রহণ করা হয়েছে। এই সময়ে নতুন কোনো যানবাহন ও কম্পিউটার কেনা হবে না। পাশাপাশি জ্বালানি, বিদ্যুৎ ও ভ্রমণ খাতে ব্যয় ৩০ শতাংশ এবং আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি অর্থায়নে সব ধরনের বৈদেশিক প্রশিক্ষণও আপাতত বন্ধ থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে আগামী রোববার আলাদা নির্দেশনা দেবে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া বৈঠকে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনের সংশোধনীর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে।