চৌগাছায় নগদ ৪ লাখ টাকাসহ পুড়েছে দোকান

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় বৃহস্পতিবার ভোররাত তিনটার দিকে ফকরু কফি হাউজ নামের একটা ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকেরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, চৌগাছা বাজারে ঝিকরগাছা সড়কের সাথি টাওয়ারে জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তি কফি হাউজ করে বছরের দীর্ঘদিন ধরে ব্যবসা করছিলেন। একই সাথে তিনি নগদ, রকেট, বিকাশের ব্যবসাও করেন।

বুধবার রাতে দোকান বন্ধ করে চলে যান বাড়িতে। রাত তিনটার দিকে খবর পান তার দোকানে আগুন লেগেছে। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিয়ে দোকানে এসে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্ত ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা সাবেক কাউন্সিলর নাজমুজ্জামান খোকন বলেন, রাতে হঠাৎই আগুন দেখে আমরা আতংকিত হয়ে পড়ি। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অপর ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাহিদুল ইসলাম বলেন, অন্য দিনের মতোই বুধবার দোকান বন্ধ করে বাসায় যাই। শেষরাতে খবর পাই দোকানে আগুন লেগেছে। ছুটে এসে কিছুই রক্ষা করতে পারিনি।

তিনি বলেন, কফি ব্যবসার পাশাপাশি নগদ, রকেট, বিকাশের ব্যবসা করি। ক্যাশে নগদ ৪ লাখ টাকা ছিল। সব পুড়ে গেছে। তাছাড়া ৫টি ফ্রিজ, ৭টি চুলো, গ্যাসের চুলো ১টি, ফ্লাক্স ১টি, মাইক্রোভেন ১টি, মোবাইল ফোন সেট ৯টি, ১৫টি শোকেসসহ অনেক মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। নগদ টাকা ও মালামালের ক্ষতির পরিমাণ প্রায় ১৭ লাখ টাকা বলে তিনি জানান।

চৌগাছা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুতই ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। তবে পানির জন্যে বেশ বেগ পেতে হয়েছে। প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার বলেন, আগুনে পুড়ে তার সবকিছুই শেষ হয়ে গেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পুড়ার দৃশ্য দেখে হতবিহবল হয়ে পড়েছি। এই ক্ষতি কাটিয়ে ওঠা একজন ব্যবসায়ীর জন্যে দুরুহ ব্যাপার।