কেশবপুরে আসামি ছিনিয়ে নিতে হামলা; আহত ৩ পুলিশ সদস্য

0
ছবি: সংগৃহীত।

জয়দেব চক্রবর্তী, কেশবপুর (যশোর) ॥ কেশবপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফ পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নেয় স্বজনেরা। পরে উপজেলার হিজলডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ ওই পলাতক আসামিকে গ্রেফতার করে।

বুধবার দিবাগত মধ্যরাতে জাহাঙ্গীর হোসেন নামে তিন মাসের সাজাপ্রাপ্ত ওই আসামিকে গ্রেফতার করে হ্যান্ডকাফ পরিয়ে ফেরার সময় পুলিশের ওপর হামলার এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আসামির ভাই মো. আল আমিন পার্শ্ববর্তী মসজিদের মাইকে পুলিশ তার ভাইকে পিটিয়ে মেরে ফেলেছে প্রচার করে এলাকাবাসী ও নিজ পরিবারের লোকজন জড়ো করে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়।

কেশবপুর থানার ইনস্পেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম জানান, হামলায় উপ-পুলিশ পরিদর্শক আজমত আলী, কনস্টেবল শহিদুল ইসলাম ও মো. হাবিবুল্লাহ আহত হন। আহতদের দুজন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ও মো. হাবিবুল্লাহ চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান,বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে উপজেলার হিজলডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে পলাতক ওই আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়া ও হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে।