বেনাপোল বন্দরে দুই শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

0
ছবি: সংগৃহীত।

বেনাপোল সংবাদদাতা ॥ বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড-আনলোড কার্যক্রমে নিয়োজিত শ্রমিকদের ইউনিয়ন ৮৯১ ও ৯২৫ দুটি সংগঠন আগামী ১৯ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে।ঠিকাদারদের উদাসীনতা এবং দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকে শ্রমিকরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বেনাপোল স্থলবন্দরের ২৬ নম্বর শেডের সামনে এক সমাবেশের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবির সভাপতিত্বে এবং ৮৯১ ইউনিয়নের দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা’র সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রমিক নেতাদের দাবি, তারা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে পণ্য খালাস কার্যক্রম পরিচালনা করলেও সংশ্লিষ্ট ঠিকাদারদের পক্ষ থেকে বৈষম্যের শিকার হচ্ছেন।

তাদের উল্লেখযোগ্য অভিযোগগুলো হলো:
১. ম্যানুয়াল, ক্রেন ও ফরক্লিপ পরিচালনাকারী দুই ঠিকাদার গত দুই বছরেরও বেশি সময় ধরে শ্রমিক সংগঠনের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি।

২. কর্মক্ষেত্রে কোনো শ্রমিক আহত বা নিহত হলেও ঠিকাদারদের পক্ষ থেকে কোনো খোঁজখবর নেওয়া বা সহযোগিতা করা হয় না।

৩. বন্দরে ব্যবহৃত অধিকাংশ যন্ত্রপাতি ও ইকুইপমেন্ট অকেজো হয়ে পড়ে আছে। এতে পণ্য হ্যান্ডেলিং ব্যাহত হচ্ছে এবং সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

৪. মাসিক টনভিত্তিক বিল পরিশোধ করা হলেও ঠিকাদারদের অসহযোগিতার কারণে শ্রমিকরা তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

সমাবেশ শেষে শ্রমিক নেতৃবৃন্দ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। পরিচালক (ট্রাফিক) মোঃ সামীম হোসেনের মাধ্যমে এই স্মারকলিপি জমা দেওয়া হয়। একইসাথে এর অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার ও কাস্টমস কমিশনারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।

শ্রমিক নেতারা জানান, বর্তমান পরিস্থিতিতে তারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। তাই আগামী ১৯ এপ্রিল ২০২৬ (রবিবার) থেকে ম্যানুয়াল, ক্রেন ও ফরক্লিপসহ সব ধরনের লোড-আনলোড কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, ৮৯১-এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু এবং দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা।

এছাড়াও উপস্থিত ছিলেন ৮৯১ ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ লিটন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দীন এবং ৯২৫ ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ ও মোঃ জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেনসহ উভয় ইউনিয়নের কয়েক হাজার সাধারণ শ্রমিক।