সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ সোমবার দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের আগ্রহে আজ সোমবার দুপুরে দুই নেতার মধ্যে প্রায় ২০ মিনিটের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টিকে ‘স্বাভাবিক সৌজন্য’ হিসেবে অভিহিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

আজ সোমবার দুপুরে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা শেষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একসঙ্গে হেঁটে সংসদ ভবনের দিকে এগোচ্ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে শফিকুর রহমানকে আমন্ত্রণ জানান। সাক্ষাৎকালে সেখানে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান (রুমন) জানান, সংক্ষিপ্ত আলাপচারিতা শেষে বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর কার্যালয় ত্যাগ করেন। এ সময় প্রধানমন্ত্রী শফিকুর রহমানকে তাঁর কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দিয়ে সৌজন্যতা প্রদর্শন করেন। আতিকুর রহমান আরও বলেন, “প্রধানমন্ত্রী সবাইকে যথাযথ সম্মান ও সৌজন্যতা দেখান। আজ প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে এগিয়ে দিয়ে তাঁর স্বাভাবিক সৌজন্যের বহিঃপ্রকাশ ঘটালেন।”

বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজেও সাক্ষাতের ছবিসহ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, আলাপ শেষে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে খানিকটা পথ এগিয়ে দিলে উপস্থিত সবাই এই শিষ্টাচারের প্রশংসা করেন। এর আগে দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দিলারা হাফিজের জানাজার নামাজে পাশাপাশি দাঁড়িয়ে অংশ নেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা।