সচিবালয়ে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; একাধিক মন্ত্রণালয়ের কার্যক্রম সরজমিনে তদারকি

0
সপ্তাহের প্রথম দিনে সচিবালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ সপ্তাহের প্রথম কর্মদিবসে সচিবালয়ে নিজের দপ্তরে যাওয়ার পথে আকস্মিক বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৯ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর এই ঝটিকা তদারকিতে সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ব্যাপক বিস্ময় ও চাঞ্চল্য দেখা দেয়।

সচিবালয় সূত্র জানায়, প্রতিদিনের মতো এদিন সকালেই সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। তবে গাড়ি থেকে নেমে সরাসরি নিজ দপ্তরে না গিয়ে তিনি প্রথমেই চলে যান সচিবালয়ের ৬ নম্বর ভবনে। সেখানে পৌঁছে প্রধানমন্ত্রী পায়ে হেঁটে ভবনটিতে অবস্থিত বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়সহ পাশের গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা ও কক্ষ আকস্মিক পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেন এবং দাপ্তরিক কাজের খোঁজখবর নেন। মন্ত্রণালয়গুলোর এই ঝটিকা সফর শেষে তিনি নিজের দপ্তরে যান এবং দিনের নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতেই প্রধানমন্ত্রীর এই আচমকা পরিদর্শন বলে ধারণা করা হচ্ছে।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর এমন তদারকিতে সচিবালয়ের প্রশাসনিক মহলে ইতিবাচক প্রভাব পড়েছে।