আইপিএল প্রচার নিয়ে জারি থাকল নিষেধাজ্ঞা; চূড়ান্ত সিদ্ধান্ত দেবে ক্রীড়া মন্ত্রণালয়

0
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিপরীতে আইপিএল নিয়ে সরকারের বর্তমান অবস্থান স্পষ্ট করল মন্ত্রণালয়।। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক ॥ বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার নিয়ে তৈরি হওয়া অস্পষ্টতা কাটাতে আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রদান করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। শনিবার (২৮ মার্চ) বিকেলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইপিএল প্রচার বন্ধের বিষয়ে বিগত সরকারের নেওয়া সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে।

এর আগে সকালে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, আইপিএল দেখানোর ক্ষেত্রে সরকার কাউকে বাধা দেবে না এবং কোনো চ্যানেল আবেদন করলে তা ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। মন্ত্রীর এমন বক্তব্যের পর বিভিন্ন গণমাধ্যমে ‘আইপিএল সম্প্রচারে আর বাধা নেই’ মর্মে সংবাদ প্রকাশিত হলে জনমনে বিভ্রান্তি তৈরি হয়।

বিভ্রান্তি দূর করতে বিকেলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে বলা হয়, আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরটি সঠিক নয়। মন্ত্রণালয় জানায়, বিষয়টি নিয়ে ইতোমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত ও পরামর্শ চেয়ে পত্র প্রেরণ করা হয়েছে। ক্রীড়া মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশনার ভিত্তিতেই পরবর্তী চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

উল্লেখ্য, তথ্যমন্ত্রী তার সাক্ষাৎকারে খেলাধুলা নিয়ে রাজনীতি না করার এবং বাণিজ্যিক বিষয়গুলোকে ইতিবাচকভাবে দেখার কথা বলেছিলেন। তবে মন্ত্রণালয়ের সাম্প্রতিক অবস্থান অনুযায়ী, আপাতত আইপিএল সম্প্রচারের ভাগ্য ঝুলে রইল ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর।