জ্বালানি তেলের দাম না বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের

0
সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি ব্যাখ্যা করছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ সারাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির গুঞ্জন ও আতঙ্কিত হয়ে তেল কেনার (প্যানিক বায়িং) প্রেক্ষাপটে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পলিসি ও স্ট্র্যাটেজি) জাহেদ উর রহমান।

তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে দেশে জ্বালানি তেলের দাম বাড়ছে না। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, বর্তমান বিশ্ব এক ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এমনকি ধনী দেশগুলোও মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশেও এক ধরনের ভীতি কাজ করছে। তবে সরকার এই মুহূর্তে জ্বালানির দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপের বোঝা চাপাতে চায় না।
তিনি উল্লেখ করেন, তেলের দাম বাড়ানো হলে সরাসরি মুদ্রাস্ফীতি বেড়ে যায় এবং মানুষের ক্রয়ক্ষমতা কমে যায়, যা সরকার এই মুহূর্তে হতে দিতে চায় না।
পাম্প মালিক ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে উপদেষ্টা কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, পাম্প পর্যায়ে কেউ কেউ তেল মজুত করার চেষ্টা করছেন এই আশায় যে দাম বাড়বে। কিন্তু প্রধানমন্ত্রী যেহেতু দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, তাই এই মজুতদারি কোনো সুফল বয়ে আনবে না। সরকার এসব অসাধু কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
তিনি আরও জানান, ঈদের ছুটিতে তেলের ব্যাপক চাহিদা এবং সরবরাহ ব্যবস্থার ওপর চাপের কারণে কোথাও কোথাও সাময়িক সংকট তৈরি হয়েছিল। মানুষ আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল সংগ্রহ করায় এই পরিস্থিতি জটিল হয়েছে। উপদেষ্টা জনগণকে প্যানিক বায়িং থেকে বিরত থাকার এবং ধৈর্য ধরার আহ্বান জানান।
এছাড়া কাতার থেকে গ্যাস সরবরাহ ও স্পট মার্কেট থেকে জ্বালানি সংগ্রহের মাধ্যমে সরবরাহ চেইন স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বলেও তিনি নিশ্চিত করেন।