টানা ৭ দিনের ছুটি শেষে, বেনাপোল বন্দরে আমদানি-রফতানি শুরু

0
ছবি: সংগৃহীত।

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ টানা সাত দিনের ঈদের ছুটি শেষে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম। দীর্ঘ ছুটির পর কর্মচাঞ্চল্যে ভরপুর হয়ে উঠেছে বন্দর এলাকা, যেখানে একদিকে যেমন পণ্য খালাসের তৎপরতা দেখা যাচ্ছে, অন্যদিকে তেমনি সীমান্তের দুই প্রান্তে অপেক্ষমাণ ট্রাকের সারি চোখে পড়ছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটিতে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। বর্তমানে ভারতের পেট্রাপোল বন্দর ও সংলগ্ন বনগাঁ এলাকায় বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় প্রায় ৯শ পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে রয়েছে। এর মধ্যে পেট্রাপোলে প্রায় ৬শ ট্রাক এবং বনগাঁ শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি পার্কিংয়ে আরও ৩শরও বেশি ট্রাক অবস্থান করছে।

অপরদিকে, ভারতমুখী রফতানির জন্য বেনাপোল বন্দরে প্রায় ৫০টি ট্রাক পণ্য নিয়ে অপেক্ষমাণ রয়েছে। দীর্ঘ ছুটির কারণে এই জট তৈরি হলেও উভয় দেশের বন্দর কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দ্রুত এ জট নিরসনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, বন্দরের কার্যক্রম পুরোপুরি সচল করতে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্দরের বিভিন্ন শেডে পণ্য আনলোড শুরু হয়েছে এবং দ্রুত খালাস নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।