মালয়েশিয়াসহ বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বড় উদ্যোগ নিল সরকার

0
মালয়েশিয়াসহ বন্ধ থাকা শ্রমবাজারগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সিন্ডিকেট ভেঙে নির্ধারিত খরচে বিদেশে যাওয়ার সুযোগ ফিরছে।। ছবি: এআই জেনারেটেড প্রতীকী ছবি

লোকসমাজ ডেস্ক ॥ মালয়েশিয়াসহ দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বিভিন্ন আন্তর্জাতিক শ্রমবাজার পুনরায় সচল করতে এবং অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনায় মালয়েশিয়ার বাজার দ্রুত চালুর পাশাপাশি থাইল্যান্ডসহ নতুন বাজারে জনশক্তি রপ্তানির জটিলতা দূর করার প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, কিছু দেশে নির্দিষ্ট কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণের ফলে অভিবাসন ব্যয় অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছিল। এই সিন্ডিকেট ভাঙতে সরকার এখন একটি নির্দিষ্ট ব্যয় কাঠামো প্রণয়ন করছে। নির্ধারিত ব্যয় কার্যকর হলে কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করা সম্ভব হবে।
মালয়েশিয়া প্রসঙ্গে নুরুল হক জানান, বর্তমানে দুই দেশের সরকারি পর্যায়ে আলোচনা অত্যন্ত ইতিবাচকভাবে এগোচ্ছে এবং দ্রুতই বড় আকারের কর্মী পাঠানোর পথ উন্মুক্ত হবে। এছাড়া মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন যে, এটি বাংলাদেশের শ্রমবাজারে বড় কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। বরং যুদ্ধ-পরবর্তী অবকাঠামো পুনর্গঠনে বাংলাদেশি কর্মীদের চাহিদা আরও বাড়তে পারে বলে তিনি মনে করেন। তবে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে কর্মীদের ভাষা দক্ষতা বৃদ্ধির ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে তিনি জানান।