প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সাক্ষাৎ: ১.৩ বিলিয়ন ডলার ঋণ ছাড়ের পথে বাংলাদেশ

0
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন আইএমএফ পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন।। ছবি: সংগৃহীত
লোকসমাজ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। মঙ্গলবার ঢাকার বাংলাদেশ সচিবালয়ে এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে আইএমএফের স্থগিত থাকা ঋণ কর্মসূচির দুটি কিস্তি ছাড়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা মনে করছেন, আইএমএফের দেওয়া শর্ত বাস্তবায়নে যথেষ্ট অগ্রগতি হয়েছে। ফলে বাংলাদেশ শিগগিরই প্রায় ১ দশমিক ৩০ বিলিয়ন ডলারের ঋণের কিস্তি পেতে পারে। বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।
ইআরডি সূত্রে জানা গেছে, আইএমএফের সঙ্গে চলমান এই বৈঠকে সরকারের বিভিন্ন সংস্কার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হবে। বিশেষ করে রাজস্ব আহরণ বৃদ্ধি, এনবিআর পুনর্গঠন, বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করা এবং বাজারভিত্তিক বিনিময় হার চালুর মতো শর্তগুলোর বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে। উল্লেখ্য যে, ২০২৩ সালে করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় আইএমএফের সঙ্গে ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি করে বাংলাদেশ। এ পর্যন্ত ৩ দশমিক ৬৪ বিলিয়ন ডলার ছাড় হলেও বাকি রয়েছে প্রায় ১ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।
এদিকে, ইরানকে কেন্দ্র করে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার ফলে জ্বালানি আমদানির ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। এই সংকট মোকাবিলায় বাংলাদেশ আইএমএফ ও বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে অতিরিক্ত ২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা চেয়েছে বলে সম্প্রতি জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। সরকারের এই তৎপরতা সফল হলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।