নিহত ১২ জনের পরিবার এক লাখ টাকা করে পাবে: রেল প্রতিমন্ত্রী

0
শোকাতুর স্বজনদের পাশে রাষ্ট্র: নিহত প্রত্যেককে ১ লক্ষ টাকা ও আহতদের পূর্ণাঙ্গ চিকিৎসার দায়িত্ব নিল সরকার।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষের ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। রবিবার (২২ মার্চ) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এই আর্থিক সহায়তার কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া এক লাখ টাকার পাশাপাশি কুমিল্লা জেলা প্রশাসন থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার এবং আহতদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া আহতদের উন্নত চিকিৎসার যাবতীয় খরচ সরকার বহন করবে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এই দুর্ঘটনার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং আহতদের সুচিকিৎসায় স্বাস্থ্যমন্ত্রীকে বিশেষ নির্দেশনা দিয়েছেন।

দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে রেলগেটে গাফিলতি পাওয়ায় ইতিমধ্যে দুই কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে ঝুঁকিপূর্ণ রেলগেটগুলোতে ওভারপাস বা আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে।

এর আগে বেলা ১১টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গেট খোলা থাকায় বাসটি রেললাইনে উঠে পড়েছিল। নিহতদের দাফন ও শেষকৃত্যের জন্য জেলা প্রশাসন থেকে তাৎক্ষণিক অর্থ বরাদ্দের বিষয়টিও তিনি নিশ্চিত করেন।