১৪ দিনের রিমান্ড শেষে প্রধান ২ অভিযুক্তকে তোলা হয়েছে আদালতে

0
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে ১৪ দিনের রিমান্ড শেষে বিধাননগর আদালতে তোলা হয়েছে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ ১৪ দিনের রিমান্ড শেষে আদালতে পেশ করেছে। রোববার (২২ মার্চ) উত্তর চব্বিশ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তাদের তোলা হয়।

আদালতে পেশ করার আগে বিধাননগর মহকুমা হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নেওয়া হলে অভিযুক্তরা কোনো কথা বলেনি। তবে পরবর্তীতে হাদি হত্যা বিষয়ে প্রশ্ন করা হলে প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ দাবি করেন, “আমি এই কাজ করিনি। আমি এ ধরনের কোনো কাজে ছিলাম না।” যদিও পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) সূত্রের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা হাদিকে হত্যার বিষয়টি স্বীকার করেছে।

উল্লেখ্য, গত ৭ ও ৮ মার্চের মধ্যবর্তী রাতে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বনগাঁ এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করে এসটিএফ। ৩৭ বছর বয়সী ফয়সাল করিম মাসুদের বাড়ি পটুয়াখালী এবং ৩৪ বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে গত কয়েক মাস ধরে আত্মগোপন করেছিল। সুযোগ বুঝে তারা পুনরায় বাংলাদেশে ফেরার অপেক্ষায় ছিল বলে জানিয়েছে পুলিশ।

২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে হেলমেট পরিহিত দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন হাদি। পরবর্তীতে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে দুই অভিযুক্তের বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশ ও সুনির্দিষ্ট হত্যা মামলায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।