সিরিজ জিততে বাংলাদেশের দরকার ২৭৫ রান

0
বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: ২৭৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামবে টাইগারা।। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক ॥ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ২৭৪ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে মাজ সাদাকাত ও সালমান আলী আগার জোড়া অর্ধশতকের ওপর ভর করে বড় সংগ্রহের পথে ছিল সফরকারীরা। তবে মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত লড়াই করার মতো পুঁজি পেলেও তা নাগালের মধ্যেই রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ। সিরিজ জিততে স্বাগতিকদের প্রয়োজন ২৭৫ রান।

ম্যাচের শুরুটা ছিল পাকিস্তানের জন্য বিধ্বংসী। ওপেনার মাজ সাদাকাত টাইগার পেসারদের ওপর চড়াও হয়ে মাত্র ৩১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। সাহিবজাদা ফারহানকে নিয়ে উদ্বোধনী জুটিতে ১০৩ রান যোগ করেন তিনি। তবে মিরাজ এই জুটি ভাঙার পরই খেলায় ফেরে বাংলাদেশ। ১৯ রানের ব্যবধানে দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে সফরকারীদের চেপে ধরেন তাসকিন ও নাহিদ রানা। এরপর চতুর্থ উইকেটে মোহাম্মদ রিজওয়ান (৪৪) ও সালমান আলী আগা প্রতিরোধ গড়েন। সালমান ৬৪ রান করে মিরাজের হাতে নাটকীয়ভাবে রান আউট হলে পাকিস্তান শিবিরে ধস নামে। রান আউটের পর মেজাজ হারিয়ে হেলমেট-গ্লাভস ছুঁড়ে মেরে ক্ষোভ প্রকাশ করেন সালমান।

শেষ দিকে রিশাদ হোসেনের লেগ স্পিন বিষে নীল হয় পাকিস্তানের লোয়ার অর্ডার। রিশাদ ৩টি এবং মিরাজ ও মুস্তাফিজ গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দিলে ৪৭.৩ ওভারে ২৭৪ রানেই শেষ হয় পাকিস্তানের ইনিংস। প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশের সামনে এখন দুর্দান্ত এক জয়ের সুযোগ।