জুলাই বিপ্লব ইস্যুতে বিরোধী দলের ওয়াক আউট

0
সংসদে রাষ্ট্রপতির ভাষণ চলাকালে বিরোধী দল জামায়াতের সদস্যদের প্ল্যাকার্ড হাতে প্রতিবাদের দৃশ্য।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ হট্টগোল, বিক্ষোভ এবং বিরোধী দলের ওয়াক আউটের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার অধিবেশনে রাষ্ট্রপতি যখন বক্তব্য শুরু করেন, তখন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা জুলাই বিপ্লব ইস্যুতে ‘বিশ্বাসঘাতকতা’ ও ‘গাদ্দারি’ বন্ধের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ জানান। একপর্যায়ে স্পিকারের শান্ত থাকার আহ্বান উপেক্ষা করেই বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ থেকে ওয়াক আউট করেন।

বিক্ষোভের মধ্যেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর ভাষণে বলেন, “একটি রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে।” তিনি জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নেওয়া বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। রাষ্ট্রপতির বক্তব্য চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির সংসদ সদস্যদের টেবিল চাপড়ে সমর্থন জানাতে দেখা যায়। অন্যদিকে জামায়াত সদস্যরা জুলাই বিপ্লবের চেতনা রক্ষার দাবিতে স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

রাষ্ট্রপতি তাঁর ভাষণে দেশের অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের বর্তমান চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সরকার ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ নীতিতে কাজ করছে। দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ এবং নারীদের স্নাতকোত্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষার উদ্যোগের কথা জানান তিনি। ভাষণ শেষে রাষ্ট্রপতি সংসদ কক্ষ ত্যাগ করার পর অধিবেশন পুনরায় স্বাভাবিক হয়।