জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ি ছেড়ে গণপরিবহন ব্যবহারের নির্দেশ

0
জ্বালানি সাশ্রয়ে ব্যক্তিগত গাড়ি ছেড়ে গণপরিবহন ব্যবহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।। ছবি: এআই জেনারেটেড প্রতীকী ছবি

লোকসমাজ ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে কঠোর কৃচ্ছ্রসাধন নীতি গ্রহণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার এবং এসি ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। বুধবার (১১ মার্চ) কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক জরুরি নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা এখন সময়ের দাবি। এ লক্ষ্যে ব্যাংকগুলোর প্রধান কার্যালয় থেকে শুরু করে শাখা ও উপশাখাগুলোতে এসির তাপমাত্রা কোনোভাবেই ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা যাবে না। পাশাপাশি অপ্রয়োজনীয় বাতি, ফ্যান ও বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে রাজধানীর যানজট ও জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে সম্ভব হলে ‘কার শেয়ারিং’ বা গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, রাজধানীর ব্যক্তিগত গাড়ির একটি বড় অংশই ব্যাংকাররা ব্যবহার করেন। এই নির্দেশনার ফলে জ্বালানি তেলের ওপর চাপ উল্লেখযোগ্যভাবে কমবে। এছাড়া ব্যাংক ভবনের আলোকসজ্জা, ডিজিটাল প্রচার বোর্ড ব্যবহারেও সময়সূচি বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশনায় জেনারেটরের জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হওয়া এবং অপ্রয়োজনীয় যাতায়াত পরিহার করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।