বিসিবি নির্বাচনে অনিয়মের তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করল এনএসসি

0
২০২৫ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়।। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ পরিচালনা পরিষদের নির্বাচনে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতে একটি শক্তিশালী স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বুধবার (১১ মার্চ) এনএসসির নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৫ সদস্যের এই কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে এই কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম, জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক এ টি এম সাইদুজ্জামান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী সালেহ আকরাম। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য অনুরোধ জানিয়েছে এনএসসি।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন কমিটি জয়ী হলেও শুরু থেকেই কারচুপির অভিযোগ ওঠে। গত ৮ মার্চ গুলশান ক্রিকেট ক্লাবের কাউন্সিলর ও সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে মোহামেডান স্পোর্টিং ক্লাবসহ শীর্ষ ক্লাবগুলোর কর্মকর্তা ও কাউন্সিলররা এনএসসিতে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ জমা দেন। তাঁদের অভিযোগের ভিত্তিতেই এই স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটিকে নির্বাচনের যাবতীয় তথ্য, নথিপত্র পর্যালোচনা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করার বিশেষ এখতিয়ার দেওয়া হয়েছে। এই তদন্তের ফলাফলের ওপরই নির্ভর করছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার ভবিষ্যৎ ও স্থবির হয়ে পড়া ক্লাব ক্রিকেটের ভাগ্য।