দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন; কারামুক্তিতে আর বাধা নেই

0
সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেছেন আদালত।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। বুধবার (১১ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন।

এর আগে সন্ত্রাসবিরোধী আইনের অন্য একটি মামলাতেও তিনি জামিন পাওয়ায় তাঁর কারামুক্তিতে এখন আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী তাসলিমা জাহান।

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডি থেকে জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরবর্তীকালে তাঁকে উত্তরা পশ্চিম থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। ওই মামলায় গত ৫ মার্চ উচ্চ আদালত থেকে তিনি জামিন লাভ করেন।

তবে গত ১৫ জানুয়ারি দুদকের দায়ের করা ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গত ২৫ জানুয়ারি তাঁকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছিল। আজ সেই মামলাতেও জামিন পেলেন তিনি।

আনিস আলমগীরের আইনজীবী তাসলিমা জাহান গণমাধ্যমকে বলেন, “আমার মক্কেল তাঁর বিরুদ্ধে থাকা দুটি মামলাতেই বর্তমানে জামিন পেয়েছেন। সব আইনি প্রক্রিয়া শেষে আজই তাঁর কারাগার থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।”

উল্লেখ্য, প্রায় তিন মাস ধরে কারাগারে থাকার পর এই সাংবাদিকের মুক্তিতে তাঁর পরিবার ও সহকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।