ট্রাম্প-পুতিন ফোনালাপ: ইরান সংঘাত ও ইউক্রেন যুদ্ধ বন্ধে ঐতিহাসিক সমঝোতার ইঙ্গিত

0
আলাস্কায় গত ১৫ আগস্ট এক বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধকে কেন্দ্র করে সৃষ্ট ভয়াবহ বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় একজোট হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (৯ মার্চ) দুই নেতার মধ্যে এক দীর্ঘ টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়, যেখানে ইরান সংঘাত নিরসন, ইউক্রেন পরিস্থিতি এবং তেলের বাজার স্থিতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ক্রেমলিন এই আলোচনাকে ‘অর্থবহ’ ও ‘ব্যবহারিক গুরুত্বসম্পন্ন’ হিসেবে অভিহিত করেছে।

ফ্লোরিডার গলফ ক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে তাঁর গঠনমূলক আলোচনা হয়েছে এবং রুশ প্রেসিডেন্ট ইরান ইস্যুতে সহায়তা করতে আগ্রহী। ট্রাম্প আরও উল্লেখ করেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ দ্রুত শেষ করা গেলে তা বৈশ্বিক সংকট নিরসনে প্রকৃত সাহায্য হিসেবে গণ্য হবে। ফোনালাপের মাত্র কয়েক ঘণ্টা আগে পুতিন সতর্ক করেছিলেন যে, হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্বজুড়ে তেল উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। তবে তিনি ইউরোপীয় গ্রাহকদের সঙ্গে পুনরায় দীর্ঘমেয়াদি সহযোগিতায় ফেরার ইচ্ছা পোষণ করেছেন।

এদিকে, মধ্যপ্রাচ্যে সরবরাহে বিঘ্ন ঘটায় তেলের দাম কমাতে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আগামী দুই-এক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, শান্তি ফিরে না আসা পর্যন্ত নির্দিষ্ট কিছু দেশের জন্য রুশ তেল কেনার বিধিনিষেধ তুলে নেওয়া হবে। এমনকি প্রয়োজনে মার্কিন নৌবাহিনী ও মিত্ররা হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকারগুলোকে সুরক্ষা দিয়ে নিয়ে যাবে বলেও তিনি ঘোষণা দেন। ইতিপূর্বে যুক্তরাষ্ট্র ভারতকে সমুদ্রপথে থাকা রুশ অপরিশোধিত তেল কেনার সাময়িক অনুমতি প্রদান করেছে।