চৌগাছায় দুই দোকান থেকে ৬ হাজার লিটার জ্বালানি জব্দ

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় জ্বালানি তেল মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা ও ৬ হাজার লিটার তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে উপজেলার সলুয়া বাজারে অভিযান চালিয়ে তেল জব্দ ও জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমদ জানান, উপজেলার সলুয়া বাজারে রোববার বিকেলে যশোর জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সোয়ায়েব হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এ সময় বাজারের ব্যবসায়ী নিজাম স্টোরের স্বত্বাধিকারী নিজাম উদ্দিনের দোকানে ৬ হাজার লিটার জ্বালানি তেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে ১ লাখ টাকা এবং মেসার্স আল আমিন ট্রেডার্সের মালিক আমিন উদ্দিনকে ১৫ হাজার, মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত তেল চৌগাছার ফিলিং স্টেশনে জমা রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আরও জানান, জ্বালানির মধ্যে পেট্রোল, অকটেন ও ডিজেল রয়েছে। তবে পরিমাণ এখনও নির্দিষ্ট করা হয়নি। আগামীকাল জব্দকৃত তেল নির্ধারিত মূল্যে সাধারণের মাঝে বিক্রি করা হবে। তখন জানা যাবে কোন জ্বালানি কতটুকু।