যশোরে অবৈধভাবে মবিল তৈরির দায়ে এক প্রতিষ্ঠানকে লক্ষ টাকা জরিমানা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥  যশোর সদর উপজেলার মান্দারতলা বাজারে বিএসটিআই ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া অবৈধভাবে মবিল বোতলজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করেন।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ সেলিমুজ্জামান জানান, এদিন দুপুর ১টা থেকে বিকাল ৩:৩০টা পর্যন্ত মান্দারতলা বাজারে বিশেষ অভিযান চালানো হয়। এসময় মেসার্স এস এম লুভ নামের একটি প্রতিষ্ঠান কোনো প্রকার বৈধ কাগজপত্র (বিএসটিআই ও পরিবেশ অধিদপ্তর) ছাড়াই বিভিন্ন গ্রেডের মবিল (যেমন: এইচডি-৫০, ২০ ডাব্লি ৪০টি, ২০ ডাব্লি ৫০টি) বোতলজাত করছে।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে দুটি পৃথক ধারায় ১. ৪৩ ধারায়: অবৈধভাবে পণ্য বোতলজাত ও বাজারজাত করার অপরাধে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা ও ২. ৪৫ ধারায়: প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা। সর্বমোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাশাপাশি উপস্থিত ছিলেন বিএসটিআই-এর কর্মকর্তা, ক্যাব (কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সদস্য এবং র‍্যাব-৬ এর একটি চৌকস টিম।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এবং ভেজাল পণ্য রোধে এই ধরনের অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে।