চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

0
ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটির শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসন ও চুয়াডাঙ্গা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “নারী-পুরুষ কেউ কারো প্রতিপক্ষ নয়, বরং একে অপরের পরিপূরক। জীবকূলে নারী ও পুরুষ উভয়কেই ভারসাম্য বজায় রাখার জন্য সৃষ্টি করা হয়েছে। নারীর সহযোগিতায় যেমন পুরুষ এগিয়ে চলে, তেমনি পুরুষের সহযোগিতাতেও নারীরা বিকশিত হয়।”

সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) তাজুল ইসলাম। এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন আইরিন রহমান ও সোনিয়া খাতুন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং নারী নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।