ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে পিটিয়ে হত্যার জেরে বাসে আগুন ও ফিলিং স্টেশনে ভাঙচুর

0
কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিহত হওয়ার ঘটনায় গতকাল শনিবার রাতেই ঝিনাইদহ শহরে দুটি ফিলিং স্টেশনে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ঝিনাইদহে ফিলিং স্টেশনের কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নীরব আহমেদ (২২) নিহত হওয়ার ঘটনায় জেলাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

গত শনিবার রাতে এই হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা দুটি ফিলিং স্টেশনে ভাঙচুর চালিয়েছে এবং কেন্দ্রীয় বাস টার্মিনালে থাকা তিনটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছে। এর প্রতিবাদে আজ রোববার সকাল থেকে ঝিনাইদহ-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন পরিবহন শ্রমিকেরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনের কর্মচারীদের সাথে তর্কের জেরে পিটুনির শিকার হন নীরব। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক কার্যনির্বাহী সদস্য ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ

ই খবর ছড়িয়ে পড়লে রাতেই আরাপপুর এলাকায় মালিকের অপর একটি ফিলিং স্টেশনে ভাঙচুর চালানো হয়। গভীর রাতে দুর্বৃত্তরা টার্মিনালে পার্ক করা তিনটি কোচে অগ্নিসংযোগ করে।

আজ সকালে শ্রমিকরা ভস্মীভূত বাসগুলো সড়কে আড়াআড়ি করে রেখে যান চলাচল বন্ধ করে দেন। এতে ঝিনাইদহ-ফরিদপুর-ঢাকা রুটে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

জেলা বাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু বলেন, ‘দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেওয়া হয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’ পরে বেলা ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনের হস্তক্ষেপে এবং আইনি ব্যবস্থার আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

এই ঘটনায় তাজ ফিলিং স্টেশনের তিন কর্মচারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে আজ ঝিনাইদহ সরকারি কবরস্থানে নীরবের মরদেহ দাফন করা হবে।