যশোরে দেয়ালের ওপর রেখে যাওয়া হ্যান্ডমাইকে বাজছিল ৭ মার্চের ভাষণ; মাইক জব্দ করল পুলিশ

0
দেয়ালের ওপর রেখে যাওয়া মাইক থেকে হঠাৎই ভেসে এল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ যশোর শহরের ব্যস্ততম চারখাম্বা মোড় এলাকায় একটি বাড়ির প্রাচীরে পরিত্যক্ত অবস্থায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজতে থাকা একটি হ্যান্ডমাইক জব্দ করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ মাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে জনবহুল এই এলাকায় কে বা কারা মাইকটি রেখে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শহরের চৌরাস্তা অভিমুখী সড়কের পাশে প্রবীণ শিক্ষাবিদ পাভেল চৌধুরীর বাড়ির প্রাচীরের ওপর একটি সাদা ও নীল রঙের হ্যান্ডমাইক রাখা ছিল। সেখান থেকে ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি উচ্চশব্দে বাজতে শুরু করলে উৎসুক জনতার ভিড় জমে যায়।

উল্লেখ্য, এই চারখাম্বা মোড় এলাকাটি পূর্বে ‘শেখ রাসেল চত্বর’ হিসেবে পরিচিত ছিল এবং জুলাই গণঅভ্যুত্থানের পর সেখানে থাকা ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়। ঘটনার রাতে মাইকটি এমনভাবে রাখা ছিল যে পাশেই থাকা গাছের ডালের ছায়ায় কেউ সেটিকে প্রাচীরের ওপর রাখার দৃশ্য লক্ষ্য করেনি। কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাইকটি জব্দ করেছে। এই ঘটনার নেপথ্যে কারা জড়িত তা উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।