ছয় বছর পর সংস্কার কাজ শুরু চৌগাছা-কোটচাঁদপুর সড়কে

0
দীর্ঘ ৬ বছর পর নতুন রূপ পাচ্ছে চৌগাছা-কোটচাঁদপুর সড়ক। ১ কোটি ৫৭ লাখ টাকার সংস্কার কাজ এখন শেষ পর্যায়ে।। ছবি: লোকসমাজ

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ প্রায় ছয় বছর বেহালদশা থাকার পর অবশেষে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে।

চৌগাছা-কোটচাঁদপুর সড়কের কাজ অবশেষে শুরু হয়েছে। বছরের পর বছর ধরে সড়কটি ছিল চলাচলের অনুপযোগী, যার ফলে সড়কে যেমন বিকল হয়েছে যানবাহন তেমনি ছোট বড় দুর্ঘটনা লেগেই ছিল। সম্প্রতি সড়কটি মেরামতের কাজ শুরু হয় বর্তমানে পিচ ঢালাই কাজ চলমান। নতুন সড়কে পেয়ে যেমন খুশি যানবাহনের চালকেরা তেমনি খুশি এই সড়কে চলাচলকারি মানুষেরা।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, চৌগাছা-কোটচাঁদপুর জিসি সড়কের (চেইনেজ-১১০০০-১২৯৫৫ মিটার) সংস্কার কাজ চলমান আছে। কজের চুক্তিমূল্য ১ কোটি ৫৭ লাখ ১২ হাজার টাকা। ইতোমধ্যে বেশ কাজ সম্পন্ন হয়েছে, ঈদের পরপরই সম্পূর্ণ কাজ শেষ হবে এবং মানুষের দুর্ভোগ লাঘব হবে।

চৌগাছা-কোটচাঁদপুর সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলাবাসীর চৌগাছা উপজেলা সদরের সাথে এমনকি যশোর জেলা শহরের সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে এটি। যশোর উন্নয়নের রুপকার, সাবেক সফল মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মরহুম তরিকুল ইসলাম চৌগাছা উপজেলাতে যেসব সড়ক নির্মাণ করেছিলেন তার মধ্যে অন্যতম একটি সড়ক হচ্ছে এটি। সড়কটি নির্মাণের পর দুই উপজেলাবাসীর মধ্যে সৃষ্টি হয় নিবিড় সম্পর্ক। ব্যবসা বাণিজ্য, কৃষি, স্বাস্থ্য, শিক্ষায় অভাবনীয় সাফল্য দেখা দেয়, কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে সড়কটি ধীরে ধীরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, প্রায় ৬ বছর সড়কটি চরম বেহালদশায় ছিল।

শনিবার সরেজমিনে দেখা গেছে, শ্রমিকরা বেশ জোরেসোরে কাজ করে যাচ্ছেন। কথা হয় এই সড়কে নিয়মিত বাসচালক রেজাউল ইসলামের সাথে, তিনি বলেন সড়কটি যেন গলার কাঁটায় পরিণত হয়েছিল। সড়ক নষ্টের কারণে অনেক দিন ইচ্ছা করে টিপ মিস করেছি,এখন মেরামত হচ্ছে অন্যদের মত আমিও বেজায় খুশি। ইজিবাইক চালক ইসরাইল হোসেন বলেন, জীবনের ঝুঁকি নিয়ে সড়কে চলতে হয়েছে। নতুন ভাবে কাজ হওয়ায় সকলেই উপকৃত হবেন। ট্রাকচালক আশরাফ হোসেন বলেন সপ্তাহে সোম,শুক্র ও বুধবার চৌগাছার প্রধান সবজি বাজারে যেতে হয় এই সড়কটি দিয়ে। বেজায় খারাপ ছিলো এখন নতুন হচ্ছে অনেকের মত আমিও বেশি খুশি। স্থানীয় বাসিন্দা শাহিন সোহেল, দেলোয়ার হোসেন বলেন, ব্যস্ততম এই রাস্তার কাজটি আরও আগে করার দরকার ছিলো। দেরিতে হলেও কাজ শুরু হয়েছে এতে মানুষ উপকৃত হবেন।

হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান বলেন, সড়কের যে অংশে কাজ হচ্ছে তার বেশির ভাগই তার ইউনিয়নের আওতায়। বছরের পর বছর সড়কের কাজ না হওয়ায় সব কিছুতে এর প্রভাব পড়েছে। এখন সড়কটি সংস্কার হচ্ছে এতে মানুষের কষ্ট দুর হবে।

উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুণ্ডু বলেন, এলজিডির অধীনে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের আওতায় প্রায় দেড় কোটি টাকার কাজ হচ্ছে চৌগাছা কোটচাঁদপুর সড়কে। কাজ শেষ হলে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ বহুলাংশে কমে যাবে।