গানবাজনা নিষিদ্ধ ঘোষণা করে গ্রামে মসজিদ কমিটির নোটিশ জারি

0
গানবাজনা নিষিদ্ধ ঘোষণা করে মসজিদ কমিটির জারি করা নোটিশ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া পোড়াগ্রামে ‘সমাজ সংস্কারের’ নামে গানবাজনা ও বাদ্যযন্ত্র নিষিদ্ধ করে মসজিদ কমিটির জারি করা বিতর্কিত নোটিশটি প্রত্যাহার করা হয়েছে। প্রায় দুই মাস আগে জারি করা এই নিষেধাজ্ঞা নিয়ে সম্প্রতি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে হাজির হয়ে কমিটির সদস্যরা নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

জানা গেছে, পোড়াগ্রাম জামে মসজিদ কমিটির পক্ষ থেকে এলাকায় মাইকিং, ব্যানার ও ফেস্টুন দিয়ে ঘোষণা করা হয়েছিল যে, গ্রামে কোনো বিয়ে বা সামাজিক অনুষ্ঠানে গানবাজনা করা যাবে না। এমনকি যারা এই নিয়ম অমান্য করবে, তাদের বাড়িতে বিয়ে পড়াতে আলেমদের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ গ্রাম থেকে বাদ্যযন্ত্র নিষিদ্ধ লেখা ব্যানার ও ফেস্টুন জব্দ করে থানায় নিয়ে আসে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল জানান, কমিটির সদস্যরা না বুঝে এই কাজ করেছেন বলে স্বীকার করেছেন এবং লিখিতভাবে এই সিদ্ধান্ত প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছেন। এলাকায় এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।