তেলের ২ জাহাজ আসছে পরশু, উদ্বেগের কারণ নেই: জ্বালানি মন্ত্রী

0
তেলের কোনো অভাব নেই! আগামী ৯ মার্চ আসছে আরও ২টি জাহাজ। পাম্পে অনিয়ম ঠেকাতে কাল থেকেই নামছে মোবাইল কোর্ট।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং আগামী সোমবার (৯ মার্চ) আরও দুটি তেলবাহী জাহাজ (ভেসেল) বন্দরে পৌঁছাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে অনিশ্চয়তা এড়াতে সতর্কতামূলক রেশনিং করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্যানিক বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনার কোনো যুক্তি নেই।

মন্ত্রী আরও জানান, পাম্পগুলোতে কৃত্রিম সংকট বা অনিয়ম রোধে আগামীকাল রবিবার থেকে সারাদেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) মাঠে নামবে। মোটরসাইকেলে ২ লিটার রেশনিং প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, যুদ্ধের স্থায়িত্ব সম্পর্কে কেউ জানে না বলে আগাম সঞ্চয় বা প্রস্তুতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি কোনো ঘাটতি নয়, বরং হিসাব করে চলার একটি কৌশল। সরকার বিকল্প উৎস থেকেও জ্বালানি সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। তাই জনগণকে পাম্পে অহেতুক ভিড় না করার এবং গুজবে কান না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তিনি।