বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত করলেন বন কর্মকর্তা

0
বনে অবমুক্ত করা মোরগ (বাঁয়ে) ও উদ্ধার হওয়া বনমোরগ। গতকাল বিকেলে খাগড়াছড়ির গুইমারায় ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ খাগড়াছড়ির গুইমারা উপজেলায় এক ব্যক্তির কাছ থেকে বিরল প্রজাতির বনমোরগ জব্দ করার পর সেটি অবমুক্ত না করে ‘দেশি মোরগ’ ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে জালিয়াপাড়া রেঞ্জ কর্মকর্তা সিরাজুল ইসলামের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সংঘটিত এই জালিয়াতির ঘটনায় স্থানীয় বন বিভাগে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ঘটনা সূত্রে জানা গেছে, মাটিরাঙ্গা উপজেলার এক বাসিন্দা বাজার থেকে বনমোরগ কিনে বাড়ি ফেরার পথে রেঞ্জ কর্মকর্তা সিরাজুল ইসলাম সেটি জব্দ করেন এবং মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন। নিয়ম অনুযায়ী বন্যপ্রাণীটি বনে অবমুক্ত করার কথা থাকলেও সিরাজুল ইসলাম গণমাধ্যমকর্মীদের কাছে একটি ছবি পাঠান যেখানে তাকে একটি সাধারণ ‘দেশি মোরগ’ অবমুক্ত করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকৃত মোরগের মালিক উভয়েই দাবি করেছেন, জব্দ করা বনমোরগের সঙ্গে অবমুক্ত করা মোরগটির কোনো মিল নেই। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে অভিযুক্ত কর্মকর্তা প্রথমে দাবি করেন ছবিটি গত বছরের, তবে কেন পুরনো ছবি পাঠানো হলো সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বিশেষজ্ঞরাও ছবি দেখে নিশ্চিত করেছেন যে সেটি বনমোরগ ছিল না। বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানিয়েছেন, এই গরমিলের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।