ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ

নিহত ২, আহত ৪

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ বরিশালের গৌরনদী উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। শুক্রবার (৬ মার্চ) সকালে গৌরনদীর টরকি সংলগ্ন কসবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাইক্রোবাস চালক বরিশাল নগরের বাসিন্দা মো. রিপন হোসেন ও ঢাকার নিউমার্কেট এলাকার এলিফ্যান্ট রোডের বাসিন্দা আব্দুল ওয়াহিদের ছেলে মো. ইলিয়াস হোসেন (৫৬)।

আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- ঢাকার খিলক্ষেতের মো. মনিরুজ্জামান (৪১), মুরাদপুরের নুরুজ্জামান (৪০) ও বাগেরহাটের মোংলা এলাকার আব্দুল ওয়েজ (৩০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ঢাকার দিকে যাচ্ছিল ‘টেকেরহাট পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস। গৌরনদীর কসবা এলাকায় বাসাটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসের চালকসহ দুই জন নিহত ও চার জন আহত হন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

গৌরনদী হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান, দুর্ঘটনায় ২জন নিহত ও চার জন আহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাস দুটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।