ঈদে ছুটি হচ্ছে সাত দিন

0
এবারের ঈদুল ফিতরে সরকারি ছুটি বেড়ে হলো ৭ দিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ১৮ মার্চও ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির মেয়াদ আরও একদিন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ১৮ মার্চ অতিরিক্ত ছুটির প্রস্তাবটি অনুমোদিত হয়।

সরকারের এই সিদ্ধান্তের ফলে এবার ঈদে টানা সাত দিনের লম্বা ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা রয়েছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত ছিল। তবে এর ঠিক আগে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি থাকায় মাঝখানের কর্মদিবস অর্থাৎ ১৮ মার্চকেও ছুটির আওতায় আনার দাবি ছিল সাধারণ মানুষের।

জনভোগান্তি কমাতে ও ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রী এই নির্বাহী আদেশে সায় দিয়েছেন।

ফলে শবে কদর, অতিরিক্ত ছুটি এবং ঈদের নির্ধারিত ছুটি মিলিয়ে টানা এক সপ্তাহের উৎসবে মেতে উঠবে দেশবাসী। আজকের এই সিদ্ধান্তের ফলে পর্যটন খাত ও পরিবহন ব্যবস্থায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।