বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মাহমুদুর রহমান মান্না; রাখা হয়েছে সিসিইউতে

0
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হাসপাতালে; ভর্তি সিসিইউতে ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ নাগরিক ঐক্যের সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না হৃদরোগজনিত সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার রাতে তীব্র বুকে ব্যথা নিয়ে তিনি রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তাঁকে হাসপাতালের কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতিকা রহমান আজ শনিবার সকালে জানান, মাহমুদুর রহমান মান্নার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। এর আগেও ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি একবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহমুদুর রহমান মান্না। এই আসনে তিনি বিএনপির সমর্থন পেয়েছেন। গত রবিবার নির্বাচন কমিশনে আপিল করে তিনি নিজের প্রার্থিতা ফিরে পান। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয় এবং দলীয় নেতাকর্মীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।