মার্কিন হামলায় শ্রীলঙ্কা উপকূলে ডুবেছে ইরানি যুদ্ধজাহাজটি, নিহত ৮০

0
ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজে মার্কিন হামলা। ৮০ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা কর্তৃপক্ষ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবার ভারত মহাসাগরে আছড়ে পড়েছে। শ্রীলঙ্কা উপকূলে মার্কিন বাহিনীর হামলায় ইরানের একটি সাবমেরিন ও যুদ্ধজাহাজ ‘আইরিস ডেনা’ ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৪ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক ব্রিফিংয়ে এই হামলার দায় স্বীকার করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এই ঘটনায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের যৌথ অভিযানে এটি কেবল শুরু। আগামী কয়েক দিনের মধ্যে ইরানি আকাশসীমার ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। সামনে আরও বড় আকারের হামলার হুমকিও দিয়েছেন তিনি।

এদিকে, শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছে, ডুবন্ত জাহাজটি থেকে পাঠানো বিপদসংকেত পাওয়ার পর তারা ৩২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। জাহাজটির নথি অনুযায়ী এতে প্রায় ১৮০ জন আরোহী ছিল। উপপররাষ্ট্রমন্ত্রী ও নৌবাহিনীর দেওয়া তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, এখনো প্রায় ৬৮ জন নিখোঁজ রয়েছেন। বিবিসি ও রয়টার্সসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই ঘটনাকে কেন্দ্র করে এই অঞ্চলে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছে।