দেশে ‘ই-হেলথ কার্ড’ চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

0
বাংলাদেশে চালু হচ্ছে ‘ই-হেলথ কার্ড’। দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ডিজিটাল করতে ঐতিহাসিক নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দেশের প্রতিটি নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ডিজিটাল ‘ই-হেলথ কার্ড’ চালুর যুগান্তকারী নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও বিশেষজ্ঞদের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠক শেষে সাংবাদিকদের জানান, চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অংশ হিসেবে এই কার্ড চালুর কাজ দ্রুত শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সরকারি বিভিন্ন সংস্থার পরিত্যক্ত ভবনসমূহ চিহ্নিত করে সেগুলোকে আধুনিক স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। শুধুমাত্র স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ১৭০টি পরিত্যক্ত ভবনকে দ্রুত স্বাস্থ্যসেবার আওতায় আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে জনসংখ্যা বৃদ্ধির হার নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর দেশে প্রায় ৩৪ লাখ নবজাতক জন্ম নিচ্ছে, যা নিয়ন্ত্রণে মন্ত্রণালয়কে আরও তৎপর হওয়ার তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ৮০ শতাংশ নারী ও ২০ শতাংশ পুরুষ কোটায় মোট ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং শূন্যপদে দ্রুত চিকিৎসক নিয়োগের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। দুর্গম এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীকে বিশেষ নির্দেশনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী।