ব্যক্তিগত যানবাহন কমিয়ে গণপরিবহন ব্যবহারের আহ্বান সরকারের

0
বিদ্যুৎ ও সার উৎপাদন হ্রাসের শঙ্কা; সাশ্রয়ী হওয়ার জরুরি নির্দেশনা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতায় বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব বাংলাদেশের ওপর পড়ার আশঙ্কায় আজ বুধবার (৪ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এক জরুরি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৈঠকে জানানো হয়, বৈশ্বিক অস্থিতিশীলতার কারণে নির্ধারিত সময়ে জ্বালানি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে, যার ফলে দেশে বিদ্যুৎ ও সার উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকার জনগণকে ব্যক্তিগত যানবাহন ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহারের বিশেষ আহ্বান জানিয়েছে। এছাড়া, আসন্ন পবিত্র রমজান মাসে জনদুর্ভোগ কমাতে এবং জ্বালানি সাশ্রয়ে অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

জ্বালানি পাচার রোধে জেলা প্রশাসন ও বিজিবিকে সতর্ক থাকার পাশাপাশি খোলাবাজারে ডিজেল ও পেট্রল বিক্রি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হতে বলা হয়েছে। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় জানানো হয়, সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি নিশ্চিত করতে কাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নাগরিকদের ধৈর্যধারণ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।