ঈদে ৭ দিনের ছুটির হাতছানি; ১৮ মার্চ অতিরিক্ত ছুটির প্রস্তাব উঠছে মন্ত্রিসভায়

0
১৮ মার্চও ছুটির প্রস্তাব! মন্ত্রিসভার অনুমোদন পেলে এবারের ঈদুল ফিতরে টানা ৭ দিনের ছুটি পেতে পারেন সরকারি চাকুরিজীবীরা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৮ মার্চ অতিরিক্ত সাধারণ ছুটির একটি প্রস্তাবনা তৈরি করা হয়েছে, যা আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপিত হবে। এই প্রস্তাব অনুমোদন পেলে এবার পবিত্র ঈদুল ফিতরের ছুটি কার্যত টানা সাত দিনে দাঁড়াবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। বর্তমান ক্যালেন্ডার অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি। মাঝে ১৮ মার্চ কর্মদিবস হওয়ায় সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে ওই দিনটিও ছুটির আওতায় আনার প্রস্তাব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং পরবর্তী সাপ্তাহিক ছুটি মিলিয়ে ঈদের পরে এমনিতেই দীর্ঘ অবকাশ রয়েছে। তাই ঈদের আগে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ১৮ মার্চের ছুটিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রিসভার সায় পেলে এবার টানা এক সপ্তাহের উৎসবে মাতবে দেশবাসী।